ছোটবেলা থেকেই শিশুদের সঞ্চয়, দায়িত্বশীল ব্যয় ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে পুতুলনাচ বা পাপেট শোর মাধ্যমে দেশের প্রথম আর্থিক সাক্ষরতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গল্প ও বিনোদনের মাধ্যমে বয়স উপযোগী আর্থিক শিক্ষা শিশুদের কাছে সহজভাবে তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কোনো দাতব্য বিষয় নয়; বরং অর্থনীতিকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলার দায়িত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাপেট শোর মাধ্যমে আর্থিক সাক্ষরতার প্রচলন ঘটিয়ে প্রাইম ব্যাংক অনুকরণীয় উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্ভাবনী পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে পারে।’ এ সময় তিনি প্রাইম ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং এবং ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগেরও প্রশংসা করেন।
প্রাইম ব্যাংক জানিয়েছে, চরিত্রনির্ভর ও সহজবোধ্য গল্পের মাধ্যমে পাপেট শোর বিভিন্ন পর্বে সঞ্চয়, দায়িত্বশীল ব্যয়, অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিংয়ের মতো মৌলিক বিষয়ে শিশুদের ধারণা দেয়া হবে। আর্থিক সাক্ষরতাকে আলাদা কোনো কঠিন পাঠ হিসেবে নয়, বরং শিশুদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হিসেবে উপস্থাপন করা হবে এ কার্যক্রমে।
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বিকাল ৫টায় প্রাইম ব্যাংকের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে এসব পাপেট শো সম্প্রচার করা হবে। প্রতিটি পর্বে বয়স উপযোগী আর্থিক ধারণা সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়কভাবে উপস্থাপন করা হবে, যাতে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও এতে যুক্ত হতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থবহ আর্থিক অন্তর্ভুক্তির জন্য আর্থিক সাক্ষরতা একটি অপরিহার্য ভিত্তি। শুধু ব্যাংকিং সেবার প্রবেশাধিকার নিশ্চিত করাই যথেষ্ট নয়; এসব সেবা সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য প্রয়োজন জ্ঞান, আত্মবিশ্বাস ও দক্ষতা।’ শিশু ও তরুণদের কাছে আর্থিক সাক্ষরতাকে সহজলভ্য করতে স্টুডেন্ট ব্যাংকিং, ক্যাম্পাসভিত্তিক আর্থিক শিক্ষা এবং পাপেট শোর মতো উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান এম নাজিম এ চৌধুরী।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান; হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন; হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










