চলতি বছরের শেষ নাগাদ দুবাইয়ের মোট জ্বালানিতে নবায়নযোগ্যর অংশ ১৪ শতাংশে উন্নীত হবে বলে আশা করছে দেশটির সরকার। বর্তমানে এ হার ১১ দশমিক ৫ শতাংশে রয়েছে। টেকসই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহরটি। খবর আরব নিউজ।
দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির (ডেয়া) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইদ আল তায়ের বলেন, আমরা প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করে যাব। পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আরো উজ্জ্বল ও অধিক টেকসই করে তুলতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, দুবাইয়ের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২৫ শতাংশে উন্নীত করা। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা হবে।
প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমাতে এবং জ্বালানি উৎসকে বৈচিত্র্যময় করতে ডেয়া দুবাই মরুভূমিতে বিশ্বের বৃহত্তম সৌরশক্তির পার্ক তৈরি করছে।
বর্তমানে শহরটির মোট জ্বালানি উৎপাদন সক্ষমতা ১৪ দশমিক ১১ গিগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি রয়েছে ১ দশমিক ৬২ গিগাওয়াট।








