চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো
নিরূপণ, সমাধানের উপায় বের করা এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে দ্য
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গুলশান কার্যালয়ে আয়োজিত
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম।
সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স
প্রবাহ বাড়ানো, রফতানি সম্প্রসারণ, রফতানি বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করা,
ট্যাক্স-জিডিপির আনুপাতিক হার বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি ও উৎপাদনশীলতা বৃদ্ধি, রাজস্ব
নীতির সংস্কারসহ ট্রেড ফ্যাসিলিটেশন প্রভৃতি বিষয় বিশেষ গুরুত্ব পায়।
এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ব্যয়
কমিয়ে আনা, লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি ও ব্যয় হ্রাসসহ শিল্পের জন্য নিরবচ্ছিন্ন এবং
গুণগত জ্বালানি সরবরাহ নিশ্চিতে সরকারকে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান
জানান আলোচকরা। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স
আনার ওপর জোর দেয়া হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের
পাশাপাশি বেসরকারি খাতকেও দায়িত্বশীল হতে হবে। এ সময় ব্যবসায়ী, উদ্যোক্তা, অর্থনীতিবিদ
ও বিশ্লেষকদের কাছে সুনির্দিষ্ট মতামত চান তিনি। প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করে এফবিসিসিআই
সেগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরবে বলে জানান মাহবুবুল আলম।
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের মধ্যে আরো
সমন্বয় ও সুসম্পর্ক জোরদার করতে হবে বলে জানান এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন
হেলালী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি
শমী কায়সার, মো. মুনির হোসেন, পরিচালক আবুল কাসেম খান, এফবিসিসিআইর প্যানেল অ্যাডভাইজার
এবং সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, এফবিসিসিআইর প্যানেল
অ্যাডভাইজর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত)
ড. মইনুল ইসলাম, এফবিসিসিআইর প্যানেল অ্যাডভাইজর এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স
করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, এফবিসিসিআইর প্যানেল অ্যাডভাইজর এবং সিপিডির
গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, এফবিসিসিআইর প্যানেল অ্যাডভাইজর এবং পলিসি
এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র
সচিব মাহবুব আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, এফবিসিসিআইর
মহাসচিব মো. আলমগীর প্রমুখ।










