পর্দা নেমেছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‌ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় প্রায় ১৫০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘দেশের রফতানি বাড়াতে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখীকরণ করা হবে। ‌দেশী পণ্যে বিদেশী ক্রেতাদের মাঝে আকর্ষণ বাড়াতে আগামী মেলায় সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রফতানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশী প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী আমরা। ‌নতুন রফতানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে।’

বাণিজ্য মেলা নিয়ে নতুনভাবে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘মাসব্যাপী মেলায় বিদেশীরা পণ্য নিয়ে আসতে চান না। এজন্য আগামীতে ৩-৫ দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে। আর মাসব্যাপী অনুষ্ঠিত মেলার নাম ঢাকা বাণিজ্য মেলা হতে পারে। 

আয়োজকরা জানিয়েছেন, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৩১০টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশী প্রতিষ্ঠানের বাইরে ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের নয়টি প্রতিষ্ঠান মেলায় বিভিন্ন স্টল বরাদ্দ নিয়েছে।