বাজারমূল্যের অর্ধেক হারিয়ে ফেলেছে টেসলা। গত এপ্রিলে টুইটারের নিলামে অংশ নেয়ার পরে এ পরিস্থিতিতে পড়েন টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক। প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ ৭ হাজার কোটি ডলার কমে গিয়েছে এবং মাস্কের বিশ্বের শীর্ষ ধনীর তকমা কিছুটা ঝুঁকিতে পড়ে গিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানটির শেয়ার গত ১৩ এপ্রিল বিক্রি হয়েছে ৩৪০ দশমিক ৭৯ ডলারে। এর পরই টুইটার জানায়, ৪ হাজার ৩৪০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনে নিতে নিলামে অংশ নিয়েছেন এ বিলিয়নেয়ার। তারপর টেসলার শেয়ার ৪৯ শতাংশ কমে ১৭৩ দশমিক ৪৪ ডলারে নেমে আসে।

তাছাড়া সাংহাইয়ের ফ্যাক্টরিগুলোর একটিতে ব্যাঘাতের কারণেও বেশ উদ্বেগ তৈরি হয়। টুইটার কেনার জন্য ২ হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছে টেসলা।

তাতেই মাস্কের পৃথিবীর সবচেয়ে ধনীর তকমা ঝুঁকিতে পড়ে গিয়েছে। এই শীর্ষস্থানের জন্য এখন বেশ ভালো অবস্থানে রয়েছেন বিলাসবহুল গ্রুপ এলভিএমএইচের প্রধান নির্বাহী ফ্রান্সের বার্নার্ড আরনল্ট।

যদিও টুইটারের অধিগ্রহণকে ভবিষ্যতের মানবসভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন মাস্ক। কিন্তু তিনি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য উদ্যোগ যেমন রকেট কোম্পানি স্পেসএক্সের জন্য সময় ভাগাভাগি করছেন তা নিয়ে উদ্বিগ্ন টেসলার শেয়ারহোল্ডাররা।