চলতি বছরের প্রথম ১০ মাসে থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন এলাকায় স্থানীয় পর্যটকের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ (টিএটি) ১৬ কোটি পর্যটক আকর্ষণের পূর্বাভাস দিয়েছিল। সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্যাংকক পোস্ট।
প্রথম ১০ মাসের পর্যটন উপাত্তের ভিত্তিতে পূর্বাভাসেও রদবদল করতে যাচ্ছে টিএটি। সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইস্রি জানান, স্থানীয় পর্যটকদের মাধ্যমে ৮০ হাজার কোটি বাথ আয় করতে যাচ্ছে থাইল্যান্ড। আগের ৬৫ হাজার ৬০০ কোটি বাথের চেয়ে যা অনেক বেশি। পারিবারিক অবকাশ যাপন ও মিটিংয়ের প্রয়োজনে স্থানীয় পর্যটনের চাহিদা বাড়ছে। মহামারীর বিপর্যয় কাটিয়ে পর্যটন খাতের পুনরুজ্জীবনে এটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন বছরের ছুটির মৌসুমকে সামনে রেখে থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন আকর্ষণে হোটেল বুকিংয়ের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়েছে। প্রসঙ্গত, জাতিসংঘের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ৭ কোটি। তবে নাগরিকরা একাধিক স্থানে ভ্রমণ করায় স্থানীয় পর্যটকের সংখ্যা জনসংখ্যার চেয়ে বেশি হয়।










