কভিড-১৯-এর ধাক্কায় থমকে যায় সবকিছুই। এখন আবার তা মহামারীপূর্ব অবস্থায় ফিরছে। ভারতের আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল ৭৯ শতাংশ নভেল করোনাভাইরাস মহামারীপূর্ব অবস্থায় পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরু হওয়ার পরে মাত্র তিন মাসে এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর দ্য হিন্দু।

এ ভালো অগ্রগতির পেছনে বেশকিছু পদক্ষেপ কাজ করেছে। তার মধ্যে জনপ্রিয় সব আন্তর্জাতিক গন্তব্য পর্যটকদের জন্য খুলে দেয়া, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং উড়োজাহাজ চলাচল সক্ষমতা বৃদ্ধি এর পেছনে বিশেষভাবে কাজ করেছে। মোটের ওপর আইসিআরএ লিমিটেডের  প্রত্যাশা, ২০২৩ বা ২০২৪ অর্থবছরে দেশটির আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল কভিড-১৯ মহামারীপূর্ব অবস্থায় ৯০-৯২ শতাংশ ফিরবে। ভারতের কর্মক্ষমতা নিয়ে এসব মন্তব্য জানান আইসিআরএর করপোরেট রেটিংসের সিনিয়র অ্যানালিস্ট অভিষেক লাহটি।

যদিও এ সময়ে দেশের অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল কিছুটা কমে এসেছে। ২০২২ সালের জুনে ৯১ শতাংশ কভিড-১৯ পূর্ববর্তী অবস্থানে ছিল। যেটা গত এপ্রিল ও মে মাসে ছিল ৯৮ শতাংশ। আইসিআরএ বলেছে, গ্রীষ্মকালীন অবকাশ শেষ হয়ে যাওয়া, স্কুলগুলো খুলে যাওয়া এবং অবসর ভ্রমণ কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

এমনকি এশিয়ায় নিষেধাজ্ঞা কমে যাওয়াও আন্তর্জাতিক ফ্লাইটের পুনরুদ্ধারে সহায়তা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক এয়ারলাইনস সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও (আইএটিএ) গত মে মাসে ২০১৯ সালের একই মাসের হিসাবে ৬৪ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার হয়েছে বলে দেখিয়েছে।

আইএটিএর ডিরেক্টর জেনারেল উইলি ওয়ালশ বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাসহ বেশকিছু বড় আন্তর্জাতিক রুট এরই মধ্যে কভিড-১৯ পূর্ববর্তী লেভেল পার করে গেছে।