রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রমে আরো গতি সঞ্চারের তাগিদ দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। একই সঙ্গে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ শীর্ষক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার কুমিল্লার একটি হোটেলে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬-ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় এ তাগিদ দেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও ঋণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ঋণ বিতরণের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের আরো সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনুদ্দিন মাসুদ। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। সভায় সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক এবং শাখাগুলোর নির্বাহী ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন।