যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক কোম্পানি হার্টজ গ্লোবাল হোল্ডিংসের কাছ থেকে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়াভিত্তিতে চালাতে পারেন যে কেউ। রেন্টাল কোম্পানিটি এবার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ভাড়ায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জেনারেল মোটরসের (জিএম) কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার ইউনিট ইভি কেনার পরিকল্পনা করছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব গাড়ি কেনা হবে। শূন্য কার্বন নিঃসরণের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবেই এ পরিকল্পনা করা হচ্ছে। খবর সিএন

কয়েক কোটি ডলারের প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি হবে ভাড়ায় চালিত কোনো কোম্পানির সঙ্গে জিএমের প্রথম চুক্তি। জেনারেল মোটরসের উত্তর আমেরিকা অঞ্চলের অপারেশনস চিফ স্টিভ কার্লিসলে বলেন, এটি একটি বিরাট পদক্ষেপ। এখন জেনারেল মোটরস একই ধরনের অন্য কোম্পানিগুলোর সঙ্গেও চুক্তির বিষয়ে আলোচনা করছে।

প্রাথমিকভাবে হার্টসের লক্ষ্য হলো, ২০২৪ সালের মধ্যে এর বহরের এক-চতুর্থাংশ বাহন বিদ্যুচ্চালিত করা। সে লক্ষ্যে জিএম ছাড়াও পোলস্টার কোম্পানির সঙ্গেও চুক্তি করা হচ্ছে। পাশাপাশি টেসলার কাছ থেকে এক লাখ মডেল-৩ গাড়ি কেনার কথাও জানানো হয়েছে। জিএমের সঙ্গে চুক্তিটি হলে বাহনের বৈচিত্র্য আসবে হার্টসের। এক্ষেত্রে যুক্ত হবে মাঝারি আকারের এসইউভি থেকে শুরু করে পিকআপ ভ্যান এবং বিলাসবহুল গাড়িও। আগামী বছরের শুরুতে শেভ্রোলেট বোল্ট মডেলের গাড়ি সরবরাহের মধ্য দিয়ে জিএম ও হার্টজের মধ্যকার চুক্তির বাস্তবায়ন শুরু হবে।

সরবরাহ চেইনে সংকটের কারণে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কম মুনাফার ওপর নির্ভরতা কমিয়েছে। বিশেষ করে বড় ক্রয়াদেশগুলোর ক্ষেত্রে মুনাফার প্রত্যাশা আরো কমানো হয়েছে। কার্লিসলে বলেন, হার্টজকে গাড়িগুলো বিক্রির ক্ষেত্রে একেবারে মার্জিনের কাছাকাছি মুনাফা করা হবে।

জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বাররা এক বিবৃতিতে বলেন, ভাড়ায় চালিত প্রতিটি গাড়ি অনেকটা বিজ্ঞাপনের মতো কাজ করবে। এসব গাড়ির মাধ্যমে জেনারেল মোটরসের বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২০২৫ সালের মধ্যে উত্তর আমেরিকার কারখানায় বছরে ১০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের সক্ষমতা অর্জন করতে চায় জেনারেল মোটরস। এর আগে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল, তার মধ্যেই থাকবে হার্টজের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশের গাড়িগুলো। এ ধরনের চুক্তি জেনারেল মোটরসের বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বাড়াতে বা লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে।