চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ভিয়েতনামের কয়লা আমদানিতে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও এ খাতে চাহিদা বাড়ায় দেশটি পণ্যটির আমদানি বাড়িয়েছে। ভিয়েতনামের সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।
ভিয়েতনামের শুল্ক বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে ২০২০ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশটি সব মিলিয়ে ৩ কোটি ১৫ লাখ ৭০ হাজার টন কয়লা আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৫৩ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৯ সালেও দেশটি রেকর্ড কয়লা আমদানি করেছিল। ওই সময়ে আগের বছরের তুলনায় দেশটির কয়লা আমদানি দ্বিগুণ বেড়েছিল।
ভিয়েতনামের বিদ্যুৎ খাতের একটা বিরাট অংশ দখল করে আছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এনার্জি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বর্তমানে ভিয়েতনামের মোট ইনস্টল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৩৫ শতাংশ হিস্যা রয়েছে কয়লাভিত্তিক বিদ্যৎ কেন্দ্রের দখলে।
এমনকি এ অনুপাত আগামী পাঁচ বছরের মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিয়েতনামের বাজারে সবচেয়ে বেশি কয়লা সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। পণ্যটি সরবরাহে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও রাশিয়া। এদিকে এ সময়ে আমদানির তুলনায় ভিয়েতনামের কয়লা উত্তোলনের পরিমাণ কমতির দিকে ছিল। দেশটির সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ভিয়েতনামের খনিগুলো থেকে মোট ২ কোটি ৫২ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ উত্তোলনের তুলনায় বছরের প্রথমার্ধে দেশটি ৬৩ লাখ টন বেশি কয়লা আমদানি করেছে।
বছর পাঁচেক আগে কয়লার নিট রফতানিক দেশ ছিল ভিয়েতনাম। এরপর অভ্যন্তরীণ বাজারে জ্বালানি পণ্যটির চাহিদায় ক্রমেই প্রবৃদ্ধির জের ধরে পণ্যটির নিট আমদানিকারকে পরিণত হয় দেশটি। মূলত দেশটিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বাড়ছে। ফলে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মোকাবেলায় পণ্যটিতে আমদানি নির্ভরশীলতা বেড়েছে দেশটির। যদিও পরিবেশ ইস্যুকে কেন্দ্র করে ভিয়েতনাম সরকার কয়লায় নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তির ওপর অধিক জোরারোপ করছে।
ভিয়েতনামের রাষ্ট্রীয় জ্বালানি তেল সংস্থা পেট্রোভিয়েতনাম সম্প্রতি জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের বিকাশ ও নতুন কেন্দ্রের প্রসার বন্ধ করতে যাচ্ছে এবং কয়লার পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ গ্রহণ করবে। কারণ দেশটিতে কয়েত বছর ধরে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন ঊর্ধ্বমুখী রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তা শীর্ষ পর্যায়ে অবস্থান করছে বলে জানিয়েছে কোম্পানিটি।










