বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন অনুশীলনের স্বীকৃতিস্বরূপ দেশের বীমা খাতের ১৩ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নন-লাইফ ইন্স্যুরেন্স শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স, চতুর্থ স্থানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি।
অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, চতুর্থ স্থানে জীবন বীমা করপোরেশন এবং পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, ‘বীমা খাতকে সংকট থেকে উত্তরণ এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রণীত আইনগুলো দ্রুত কার্যকর করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ডিজিটাইজেশন এখন সময়ের দাবি; এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।’ এ সময় তিনি বীমা খাতে প্রশিক্ষিত ও পেশাদার জনবলের ঘাটতি পূরণের জন্য আরো বেশি দক্ষ ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের পার্থক্য কমাতে হলে গ্রাহককেন্দ্রিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বীমা পণ্যে উদ্ভাবন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ‘সরকার চায় বীমা খাত আরো জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠুক। সেই লক্ষ্যে সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে প্রগতি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত বিমান দুর্ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। এ ঘটনায় প্রগতি ইন্স্যুরেন্স প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেছে, যেখানে প্রাপ্ত প্রিমিয়ামের পরিমাণ ছিল ১৬ লাখ টাকা। এ পরিশোধের মাধ্যমে আমরা প্রমাণ করেছি—প্রগতি ইন্স্যুরেন্স সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে সংকটময় সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘এ স্বীকৃতি আমাদের সামনে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সলভেন্সি মার্জিনসহ সব আইন মেনে চলার মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে আরো ইতিবাচক ও টেকসই অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’










