পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্টক এক্সচেঞ্জটির কাছে কোম্পানিটির নাম ‘‌এমজেএল বাংলাদেশ লিমিটেড’-এর পরিবর্তে ‘‌এমজেএল বাংলাদেশ পিএলসি’ করার প্রস্তাব করা হয়েছিল। অনুমোদিত প্রস্তাব অনুসারে ১২ মার্চ থেকে কোম্পানিটি ‘‌এমজেএল বাংলাদেশ পিএলসি’ নামে লেনদেন করবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৯ টাকা ৭২ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এমজেএল বাংলাদেশের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৫৩ পয়সা।