২০২৫ সালের মধ্যে ভারতে ৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করছে নেসলে। এ পদক্ষেপ বৈশ্বিক খাদ্য ও পানীয় জায়ান্টিকে দেশটিতে মূল ব্যবসা ত্বরান্বিত করতে এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ কাজে লাগাতে সহায়তা করবে।

দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, মূলধন ব্যয়, নতুন কারখানা স্থাপন, অধিগ্রহণ ও প্রতিষ্ঠানের পোর্টফোলিও সম্প্রসারণে নেসলে ভারতে বিনিয়োগ করবে। বর্তমানে দেশটিতে নয়টি কারখানা পরিচালনা করছে সংস্থাটি। এছাড়া উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন কারখানার দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কর্মী সংখ্যাও বাড়াবে সংস্থাটি। যদিও প্রতিষ্ঠানটির এ বিনিয়োগ ভারতের ছাড়পত্র ও অনুমোদনের ওপর নির্ভর করছে।

বর্তমানে নেসলের শীর্ষ ১০টি বাজারের মধ্যে রয়েছে ভারত। সুইস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক স্নাইডার একটি বৈঠকে বলেন, ২০২৫ সাল পর্যন্ত ভারতে ৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

নেসলে ১১০ বছরেরও বেশি সময় ধরে ভারতে কার্যক্রম পরিচালনা করছে। তবে সংস্থাটি দেশটিতে উৎপাদন শুরু করে ষাটের দশকের শুরুর দিকে। মার্ক স্নাইডার বলেন, ১৯৬১ সালে আমরা ভারতে প্রথম উৎপাদন শুরু করেছিলাম। এ সময়ে ৮ হাজার কোটি রুপি ব্যয় করা হয়েছে। এখন আগামী আড়াই বছরে আরো ৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে।

নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরেশ নারায়ণ বলেন, কোম্পানির মূল ব্যবসা ত্বরান্বিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি আমরা এখন বিভিন্ন ক্ষেত্রগুলোয় মনোযোগ বাড়াচ্ছি। দ্বিতীয় বিষয় হলো টেকসইভাবে করা এবং নেসলে সেদিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। তৃতীয় বিষয় হলো ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগগুলোকে কাজে লাগানো। যেমন উদ্ভিদভিত্তিক প্রোটিন, স্বাস্থ্যকর স্ন্যাক এবং পণ্যগুলোয় ভারতীয় শস্যের অংশ বাড়ানো।

মার্ক স্নাইডার বলেন, নেসলে ইন্ডিয়ার ব্যবসা শক্তিশালী ধারাবাহিকতা বজায় রেখেছে। এটি অসামান্য ও সত্যিই অত্যাশ্চর্য। নতুন বিনিয়োগ মূলধন ব্যয়ের মতো জৈব বৃদ্ধি এবং বিদ্যমান কারখানা ও গবেষণা কেন্দ্রের সুযোগ-সুবিধা কাজে লাগাতে ব্যবহার করা হবে।