এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ। আসন্ন কঠিন অর্থনৈতিক পরিবেশের আশঙ্কা করে ব্যয় সংকোচনের উদ্যোগ নিচ্ছে মার্কিন বহুজাতিক ব্যাংকটি। বিনিয়োগ ব্যাংকিং ইউনিটের আয় কমে যাওয়ায় বিশ্বব্যাপী প্রধান ব্যাংকগুলো খরচ কমিয়ে আনতে চাইছে। খবর রয়টার্স।

পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, গোল্ডম্যান স্যাকস চার হাজারের মতো কর্মীকে ছাঁটাই করতে চলেছে। আয়ের লক্ষ্য পূরণে খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ব্যাংকটি। ফলে ব্যাংকটির কর্মী বাহিনীর প্রায় ৮ শতাংশ ছাঁটাইয়ের মুখোমুখি হবে। তবে এ পরিকল্পনা নিয়ে ব্যাংকটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত সপ্তাহে মার্কিন বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে আসে। প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৬০০ জন বা বৈশ্বিক কর্মী বাহিনীর ২ শতাংশকে ছাঁটাই করছে। এছাড়া চলতি মাসের শুরুতে আরেক মার্কিন ব্যাংক ওয়েলস ফার্গোর কয়েকশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা গণমাধ্যমের শিরোনাম হয়। চলতি মাসের শুরুতে খরচ কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয় এইচএসবিসি। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটি বিশ্বজুড়ে দুই শতাধিক জ্যেষ্ঠ ব্যবস্থাপককে অব্যাহতি দিচ্ছে। আবার ক্রেডিট সুইস বিস্তৃত পুনর্গঠনের অংশ হিসেবে আগামী তিন বছরের মধ্যে নয় হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে বার্কলেস ও সিটিগ্রুপও কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে।

গত বছরও পুরনো কর্মী ধরে রাখতে এবং নতুন কর্মী আকর্ষণে বেতন বৃদ্ধি ও বোনাসের ঘোষণা দিয়েছিল ব্যাংকগুলো। চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে বিশ্বজুড়ে গোল্ডম্যান স্যাকসের কর্মী ছিলেন ৪৯ হাজার ১০০ জন। সংস্থাটির কর্মীর সংখ্যা এখনো মহামারীপূর্ব সময়ের তুলনায় বেশি রয়েছে। একটি নিয়ন্ত্রক ফাইলিং অনুসারে, ২০১৯ সালের শেষে ব্যাংকটির কর্মী ছিল ৩৮ হাজার ৩০০ জন। তবে এবার ঠিক কতজন কর্মী ছাঁটাই করা হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। আগামী বছরের শুরুর দিকে ছাঁটাইয়ের সংখ্যা চূড়ান্ত হবে বলে জানিয়েছে পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র।

পৃথক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চলতি বছর বার্ষিক বোনাসেও কাটছাঁট করা হবে। ২০২১ সালে বিনিয়োগ ব্যাংকিং ইউনিটের সেরা কর্মীদের ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বোনাস বাড়ানো হয়েছিল। সেই জায়গায় এবার উল্টো পদক্ষেপ নেয়া হচ্ছে।

কর্মী ছাঁটাইয়ের খবরে গোল্ডম্যানের শেয়ারদরও নিম্নমুখী হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত ব্যাংকটির শেয়ারদর প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে। সূত্রটি জানিয়েছে, সর্বশেষ পরিকল্পনায় গোল্ডম্যানের ভোক্তা ব্যাংকিং ইউনিটের কয়েকশ কর্মীকে ছাঁটাই করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বড় ব্যাংকগুলো ভোক্তা বা খুচরা পর্যায়ের এ ব্যবসায়িক কার্যক্রম ছোট করে আনছে। পরিবর্তে ব্যাংকগুলো বাণিজ্যিক ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় মনোযোগ বাড়াচ্ছে।

গোল্ডম্যান প্রতি বছরই নতুন কর্মী নিয়োগ এবং ছাঁটাই করত। তবে মহামারীর দুই বছরে বার্ষিক সেই অনুশীলন স্থগিতের পর গত সেপ্টেম্বরে প্রায় ৫০০ কর্মীকে অব্যাহতি দিয়েছিল ব্যাংকটি। কয়েক মাসের মধ্যেই আরো কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয়া হচ্ছে।