গত বছরের নভেম্বরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে জাপানকে টপকে শীর্ষ অবস্থানে উন্নীত হয়েছিল চীন। ডিসেম্বরে দেশটি জ্বালানি পণ্যটির আমদানি আরো ১৬ শতাংশ বাড়িয়েছে। এর মধ্য দিয়ে গত মাসে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানিতে নতুন রেকর্ড গড়েছে চীন। মূলত শীত মৌসুমে বাড়তি চাহিদার কারণে জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়েছে চীন। খবর রয়টার্স ও সিনহুয়া।
পণ্যবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৭১ লাখ ৯৮ হাজার টন এলএনজি আমদানি করেছে, যা আগের মাসের তুলনায় ১৬ শতাংশ বেশি।
এ সময় জাপানে আগের মাসের তুলনায় ৭ শতাংশ বেড়ে সব মিলিয়ে ৬৫ লাখ ৭৪ হাজার টন এলএনজি আমদানি হয়েছে। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় মাসের মতো জাপানের তুলনায় বেশি এলএনজি আমদানি করল চীন। পুরো শীত মৌসুমজুড়ে বাড়তি চাহিদার কারণে চীনের এলএনজি আমদানি খাত চাঙ্গা থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।









