আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. রফিকুল ইসলাম। একই সঙ্গে তাকে বিএফআইইউর উপপ্রধান (ডেপুটি) করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মো. রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং বিএফআইইউর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (প্রশাসন ও হিসাব) ও বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি