আগস্টে মোটরগাড়ির যন্ত্রাংশ কারখানার উৎপাদন কমলেও যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাত সামান্য বেড়েছে। যদিও এ বৃদ্ধি আগের মাসের চেয়েও ধীর। একই সময়ে কম্পিউটার ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য যন্ত্রাংশ উৎপাদনের কারণে দেশটির শিল্পোৎপাদনে স্থিতিশীলতা অব্যাহত রয়েছে।
ফেডারেল রিজার্ভের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রে শিল্পোৎপাদন দশমিক ১ শতাংশ বেড়েছে। যেখানে জুলাইয়ে শিল্পোৎপাদন বেড়েছিল দশমিক ৬ শতাংশ। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাসে বলেছিলেন, কারখানার উৎপাদন অপরিবর্তিত থাকবে। তবে ২০২১ সালের আগস্টের তুলনায় যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে শিল্পোৎপাদন খাতের অবদান ১১ দশমিক ৯ শতাংশ। পণ্য উৎপাদন থেকে পরিষেবা পর্যন্ত সব খাতেরই উৎপাদন ধীর হয়েছে। দেশটিতে মূল্যস্ফীতি মোকাবেলায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পাশাপাশি চাহিদা কমে যাওয়া কারখানাগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত মাসে গাড়ি শিল্পের কারখানাগুলোর উৎপাদনও ১ দশমিক ৪ শতাংশ কমেছে। যেখানে জুলাইয়ে এ কারখানাগুলোর উৎপাদন ৩ দশমিক ২ শতাংশ বেড়েছিল। তবে আগস্টে মোটর গাড়ি ব্যতীত শিল্পোৎপাদন দশমিক ২ শতাংশ কমেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আগস্টে গাড়ির যন্ত্রাংশ, কম্পিউটার ও ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি মহাকাশ এবং বিভিন্ন পরিবহন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ১ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে কাঠ ও আসবাবপত্র উৎপাদন কমেছে।
একই সময়ে টেকসই নয় এমন পণ্যের উৎপাদন দশমিক ২ শতাংশ বেড়েছে। টানা পাঁচ মাস বাড়ার পর আগস্টে দেশটির খনি খাতের উৎপাদন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস ও পানি) উৎপাদন ২ দশমিক ৩ শতাংশ কমেছে। মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন দশমিক ৫ শতাংশ বাড়ার পর আগস্টে দশমিক ২ শতাংশ কমেছে।
ক্রমবর্ধমান সুদের হারে মন্দার ঝুঁকি বাড়ার পাশাপাশি ব্যবসায়িক আত্মবিশ্বাসে ভাটা পড়া সত্ত্বেও দেশটির উৎপাদন খাতে স্থিতিস্থাপকতা দেখাচ্ছে। এটি ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় হিমশিম খাওয়া মার্কিন কারখানাগুলোর জন্য কিছুটা স্বস্তিও তৈরি হয়েছে। কারণ বিশ্বজুড়ে চাহিদা দুর্বল হওয়ার কারণে দামের চাপ কিছুটা কমেছে। গত মাসে নির্মাতাদের কাঁচামাল ব্যয়ের সূচক জুলাইয়ের ৬০ থেকে আগস্টে ৫২ দশমিক ৫ পয়েন্টে নেমেছে। এ হার ২০২০ সালের জুনের পর সর্বনিম্ন।










