২০২২-২৩ অর্থবছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করে প্রতিষ্ঠানটি এবং অবচয় খরচ ব্যতীত গত পাঁচ বছর টানা পরিচালন মুনাফা করে ‘স্বপ্ন’।
গত ২০০৮ সালে যাত্রা শুরু করে স্বপ্ন। বর্তমানে রাজধানীর পাশাপাশি দেশের ৬২ জেলায় স্বপ্নের কার্যক্রম রয়েছে। করোনা মহামারীর মধ্যেও সুপার শপটি তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। ২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৪০টি আউটলেট চালু করেছে স্বপ্ন। মহামারীর মধ্যে গ্রাহকের নিরাপত্তায় নেয়া নানা কার্যক্রম ও ঘরে পণ্য পৌঁছে দেয়ার সেবা (হোম ডেলিভারি) স্বপ্নের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।
তিনি বলেন, ‘পরপর পরিচালন মুনাফা করা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা। সাধারণত সুপার মার্কেটের ব্যবসায় মুনাফার দেখা পেতে বেশ সময় লাগে। যাত্রার শুরুতেই আমাদের ৭০টির বেশি আউটলেট ছিল। সেগুলো ব্যবসায় খুব একটা ভালো করছিল না, তাই অনেক আউটলেট বন্ধ করতে হয়। আমাদের অনেক বিনিয়োগ ছিল। অবচয় খরচসহ আরো অনেক খরচ ছিল, যা পরিচালন খরচের মধ্যেই চলে আসে। এছাড়া সুপার শপের ব্যবসায়িক মডেলে দেখা যায়, ব্র্যান্ডের প্রতি গ্রাহকের বিশ্বাস অর্জনে বেশ সময় লাগে। এবারো আমরা বেশ বড় অংকের পরিচালন মুনাফা করেছি। এটা সত্যিই আনন্দের সংবাদ এবং এর দাবিদার আমাদের গ্রাহকরা।’ —বিজ্ঞপ্তি








