মেধা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে সুইজারল্যান্ড। আরব বিশ্বে শীর্ষস্থান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। ২০২২ আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র‍্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস সেন্টার (ডব্লিউসিসি) সূচকে টানা ছয় বছরের মতো শীর্ষস্থান সুইজারল্যান্ডের। মেধা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে ৬৩ শীর্ষ অর্থনীতির মধ্যে প্রথম সারিতে রয়েছে সুইডেন, আইসল্যান্ড, নরওয়ে ও ডেনমার্কের মতো নরডিক দেশগুলো। ২০২২ সালে মেধা আকর্ষণে ষষ্ঠ স্থান ফিনল্যান্ডের। লুক্সেমবার্গ ও অস্ট্রিয়া উভয়ই এক ধাপ নেমে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থান পেয়েছে। নেদারল্যান্ডস ও জার্মানি নবম ও ১০ম স্থানে অপরিবর্তিত রয়েছে। মেধা আকর্ষণ ও ধরে রাখার ক্ষেত্রে ৬৩ দেশের মধ্যে সবচেয়ে পেছনের সারিতে রয়েছে কলম্বিয়া, মঙ্গোলিয়া ও ভেনিজুয়েলা। বৈশ্বিকভাবে ২১তম এবং আরব বিশ্বে শীর্ষস্থান সংযুক্ত আরব আমিরাতের। বৈশ্বিক সূচকে সৌদি আরব, কাতার ও বাহরাইনের অবস্থান যথাক্রমে ৩০, ৩৪ ও ৩৫তম।

বার্ষিক সূচকে যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে তার মধ্যে আছে বেতনাদি, শুল্ক, জীবনমান, শিক্ষা, পরিবেশগত ইস্যুতে সরকারের অবস্থান ও ন্যায়বিচারের মতো বিষয়। এসব সূচকে নরডিক ও পশ্চিম ইউরোপীয় দেশগুলো ওপরের সারিতে রয়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোয় দক্ষ কর্মী আকর্ষণে বেশকিছু অর্থনৈতিক, আইনি ও সামাজিক সংস্কার এনেছে উপসাগরীয় দেশ ইউএই। এর জন্য ভিসা প্রক্রিয়াকে সম্পূর্ণ ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তা আকৃষ্টে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে। এছাড়া দক্ষ কর্মীদের জন্য চালু হয়েছে পাঁচ বছর মেয়াদি গ্রিন ভিসা। মেধা আকর্ষণ ও ধরে রাখায় শীর্ষ পাঁচ দেশ হচ্ছে সুইজারল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, নরওয়ে ও ডেনমার্ক। ২০১৮ সালে ১৮তম স্থানে থাকলেও চলতি বছর তৃতীয় স্থানে উঠে এসে চমক দেখিয়েছে আইসল্যান্ড। -দ্য ন্যাশনাল