বেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় ট্রাকচালকদের ধর্মঘট গতকাল নবম দিনে গড়িয়েছে। এতে দেশটি ১ লাখ ৬০ হাজার কোটি ওনের (১২৩ কোটি ডলার) রফতানি হারিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও জ্বালানিমন্ত্রী লি চ্যাং ইয়াং। সরকার ও ইউনিয়ন দ্রুত সমঝোতায় না এলে ধর্মঘট আরো দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।
গতকাল পর্যন্ত নয়দিন ধরে চলা ধর্মঘটে দক্ষিণ কোরিয়ার সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ে পড়েছে। দেশটির প্রায় ২০ হাজার ট্রাকচালক এ ধর্মঘটে যোগ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ধর্মঘটের প্রথম সাতদিনে সিমেন্ট, রড, অটো ও জ্বালানি তেল পরিশোধন শিল্পগুলো ১ লাখ ৬০ হাজার কোটি ওন মূল্যের রফতানি হারিয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ১৩০ কোটি ওন মূল্যের ৫ লাখ ৬২ হাজার ৬০০ টন ইস্পাত, ৩১ হাজার ৯২০ কোটি ওন মূল্যের ৬ হাজার ৭০৭ ইউনিট গাড়ি এবং ৪৪ হাজার ২৬০ কোটি ওন মূল্যের ২ লাখ ৫৯ হাজার ২৩৮ লিটার জ্বালানি তেলের রফতানি বাধাগ্রস্ত হয়েছে।










