পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ রাজধানীর খিলক্ষেতের ডুমনি মৌজায় আনুমানিক ১১০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। চায়না বাংলা এগ্রো ফিডসের কাছ থেকে এ জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে ১৩৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) যমুনা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৮৭ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৩ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩২ টাকা ৭৫ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড।