দেশের রফতানি খাতের সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনাময় খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তিন হাজার কোটি টাকার তহবিল স্কিমে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক। রফতানি বহুমুখীকরণসংক্রান্ত এই পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের চালু করা এ তহবিলের মূল লক্ষ্য হলো বর্তমান রফতানি নীতির সঙ্গে মিল রেখে রফতানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে যেসব খাতে দেশের স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলোকে এই তহবিলের আওতায় বেশি প্রাধান্য দেয়া হবে।

এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ব্র্যাক ব্যাংক রফতানিমুখী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সাত শতাংশ সুদে তিন বছর মেয়াদে অর্থায়ন করতে পারবে। এই মেয়াদের মধ্যে ছয় মাসের গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি ঢাকার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, এ সুবিধার মাধ্যমে রফতানিকারকদের সহজ শর্তে ও কম খরচে অর্থায়ন করা সম্ভব হবে। এর ফলে প্রথাগত পণ্যের বাইরে নতুন পণ্যের জন্য আন্তর্জাতিক বাজার তৈরি হবে।

তিনি আরো জানান, রফতানি বহুমুখীকরণে সহায়তার মাধ্যমে এই উদ্যোগ দেশের অর্থনৈতিক সহনশীলতা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে। যোগ্য রফতানিকারকদের ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

—বিজ্ঞপ্তি