দেশের পুঁজিবাজারে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ৬৮ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯১১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৬৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন কিছুটা বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৬৮ কোটি ১৬ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৬৮ দশমিক ৫০ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৩টির আর দর অপরিবর্তিত ছিল ৪৩টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ।

গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি ৪ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে ব্যাংক খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫, সেবা খাতে ১ দশমিক ৬ এবং সাধারণ বীমা খাতে ১ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারে ৪ দশমিক ৪ ও পাট খাতের শেয়ারে ১ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

ডিএসইতে গতকাল দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। অন্যদিকে এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, বেস্ট হোল্ডিংস, ওইমেক্স ইলেকট্রোড, কাট্টলি টেক্সটাইল, এস আলম কোল্ড রোলড স্টিলস, ফ্যামিলিটেক্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৭৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে ২৬ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ৪০ লাখ টাকা।