পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ৩২০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৩১৭ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ২৮৬ কোটি ৭১ লাখ টাকার হেলথ ফুড ড্রিংকস ও ৩৩ কোটি ২৮ লাখ টাকার গ্লুকোজ বিক্রি করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১৬৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭২ কোটি ৪৭ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির গ্রস মুনাফা ১৫৫ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে গ্রস মুনাফা ছিল ১৪৪ কোটি ৭৩ লাখ টাকা।
২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালন মুনাফা হয়েছে ৭৩ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৩ কোটি ৬১ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৭ লাখ টাকায়। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ টাকা ১০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা, আগের বছরে যা ছিল ৪৩ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২২ টাকা ৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২৩ টাকা ১ পয়সা।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডকে ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণের পর ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে কোম্পানিটির নতুন নাম হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯। এর মধ্যে ৮৬ দশমিক ৯৬ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৮৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীর কাছে দশমিক ২৯ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত মঙ্গলবার ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২ হাজার ৮৪৯ টাকা। গত এক বছরে এ শেয়ারের দর ২ হাজার ৭৫৫ টাকা থেকে ২ হাজার ৯৯৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










