চীনে মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের ট্রাক উৎপাদন শুরু করেছে ডেইমলার ট্রাক। গতকাল বেইজিংয়ে চীনের ফোটন মোটরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কারখানায় ভারী ট্রাক উৎপাদন শুরু হয়েছে। খবর রয়টার্স।
জার্মান কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, ভারী ট্রাকের জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো চীন। গত বছর দেশটিতে প্রায় ১৫ লাখ ইউনিট ট্রাক বিক্রি হয়েছে। এ সংখ্যা যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপে বিক্রীত সম্মিলিত ট্রাকের চেয়েও বেশি। বাজারটিতে এফএডব্লিউর জিফাং, ডংফেং মোটর ও সাইনোট্রাকের মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে।
ডেইমলার ট্রাক ও ফোটন মোটরের যৌথ উদ্যোগ ফোটন ডেইমলার অটোমোটিভ অ্যাক্ট্রোস নামে ভারী ট্রাক উৎপাদন করছে। ট্রাকটিতে তৃতীয় প্রজন্মের ওএম৪৭১ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। বেইজিংয়ের হুয়াইরু অঞ্চলে অবস্থিত কারখানাটি চার লাখ বর্গমিটারজুড়ে বিস্তৃত। আগামী নভেম্বরে এ ভারী ট্রাকের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।










