সাতক্ষীরার খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে চিনি। সরকারিভাবে খোলা চিনির পাইকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৬ টাকা, যা খুচরা বাজারে ১২৮-১২৯ টাকা কেজিতে বিক্রি করার কথা বলা হয়েছে। কিন্তু সরকারের বেঁধে দেয়া দামে চিনি বিক্রি করছেন না সাতক্ষীরার ব্যবসায়ীরা।

সাতক্ষীরা জেলা সদরের সবচেয়ে বড় মোকাম সুলতানপুর বড়বাজারের অধিকাংশ মুদি দোকানে চিনি বিক্রি হচ্ছে ১৩২-১৩৩ টাকা কেজি দরে। এ বাজারের মুদি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স সাগর স্টোরে গতকাল প্রতি কেজি চিনি খুচরা বিক্রি হয়েছে ১৩৩ টাকায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম জানান, পাইকারিতে চড়া দামে চিনি কিনতে হচ্ছে। সরকার প্রতি কেজি চিনির মূল্য ১২৬ টাকা নির্ধারণ করলেও কিনতে হচ্ছে ১২৮-১২৯ টাকায়। কেজিতে ৩-৪ টাকা মুনাফা না রেখে তো বিক্রি করা যায় না। এ বাজারের মনোয়ারা স্টোর ও জুবায়ের স্টোরেও চিনি বিক্রি হয়েছে ১৩২-১৩৩ টাকা কেজি দরে।

সাতক্ষীরা শহরের সরকারপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান ও আহসান হোসেন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অন্যতম চিনি। সব পরিবারের দৈনিক কম বেশি চিনির প্রয়োজন হয়। কিন্তু কয়েক দিন ধরে বাজারে কোনো প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না। শুধু খোলা চিনি পাওয়া যাচ্ছে। তাও কিনতে হচ্ছে বেশি দামে। 

সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, শুধু চিনি নয়, সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতেও অনুরোধ জানান তিনি।

জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ আবু সাঈদ জানান, সরকার খোলা চিনির পাইকারি ও খুচরা দর নির্ধারণ করে দিয়েছে। কেউ যদি অতিরিক্ত দামে সেসব বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের বাজার মনিটরিং কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।