করপোরেট অফিসগুলোয় কর্মঘণ্টার বাইরে বসদের ফোন কল উপেক্ষার অধিকার দিয়ে আইন প্রবর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ আইন লঙ্ঘন হলে জরিমানার মুখোমুখিও হতে পারেন নিয়োগদাতারা। সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে একটি বিল প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, কর্মীদের অধিকার ও তাদের জীবনের ভারসাম্য পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা পালন করবে। খবর রয়টার্স।
এরই মধ্যে ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই এ ধরনের আইন বাস্তবায়ন হয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লেবার পার্টির কর্মসংস্থানমন্ত্রী টনি বার্ক সম্প্রতি এক বিবৃতিতে নতুন এ বিলের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের বেশির ভাগ মন্ত্রী নতুন এ আইনের পক্ষে সমর্থন জানিয়েছেন। এ আইনের মাধ্যমে কর্মীদের অবৈতনিক কর্মঘণ্টার বাইরে অযৌক্তিক যোগাযোগ থেকে নিজেদের বিচ্ছিন্ন করার অধিকার প্রতিষ্ঠা হবে।’
এদিকে দেশটির অ্যান্থনি আলবানিজ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যদি ২৪ ঘণ্টার জন্য অর্থ পরিশোধ না করেন, তাহলে কাউকে অনলাইনে ২৪ ঘণ্টা পেতে শাস্তি দেয়া উচিত নয়।’
চলতি সপ্তাহের শেষ নাগাদ বিলটি সংসদে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত এ বিলে অস্ট্রেলিয়ায় কর্মীদের চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ও ট্রাকচালকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয় উল্লেখ করা হয়েছে।
অবশ্য বেশ কয়েকজন রাজনীতিবিদ ও করপোরেট নেতা বিলটির বিপক্ষে সতর্ক করে দিয়েছেন। তাদের মতে, প্রস্তাবিত এ বিল পাস হলে কর্মীদের প্রতিযোগিতামূলক মানসিকতা নষ্ট হবে।










