একদিনে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ভুট্টা কেনার রেকর্ড করেছে চীন। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে কৃষিপণ্যটি ক্রয়ে দ্বিতীয় বৃহত্তম চুক্তি করল দুই দেশ। মূলত ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরও বেইজিং বাণিজ্য বিরোধ চুক্তির প্রতিশ্রুতিগুলো পূরণের চেষ্টা করছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্র থেকে ক্রয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি চলতি মৌসুমে ভুট্টা ও সয়াবিন আমদানির পূর্বাভাস বাড়িয়েছে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএর তথ্য অনুযায়ী, আগামী ২০২০-২১ বিপণন বর্ষে (সেপ্টেম্বর-আগস্ট) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে চীনের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ১৭ লাখ ৬২ হাজার টন ভুট্টা ক্রয় করেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে একদিনে সর্বোচ্চ ভুট্টা ক্রয় করে দেশটি। এদিন যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ১৪ লাখ ৫০ হাজার টন ভুট্টা ক্রয় করেছে দেশটি, যা ১৯৯৪ সালের পর সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ। গত বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ৪ কোটি ৫০ লাখ ৮৭ হাজার টন ভুট্টা রফতানি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রফতানি হওয়া ভুট্টার অন্যতম শীর্ষ ক্রেতা চীন। কৃষিপণ্যটির আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে চীন। গত বছর দেশটি আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৭০ লাখ টন ভুট্টা আমদানি করেছিল। এর বড় একটি অংশ আমদানি হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে।
এদিকে ২০২০-২১ বিপণন বর্ষের এখন পর্যন্ত ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৯ হাজার টন সয়াবিন ক্রয় করেছে চীন। বাণিজ্যযুদ্ধ নিরসনে চলতি বছরের জানুয়ারিতে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি সই করে চীন ও যুক্তরাষ্ট্র। এর আওতায় দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৮ হাজার কোটি ডলার সমমূল্যের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে চীনের বাজারে ভুট্টা ও সয়াবিন রফতানি গতি ফিরে পেতে পারে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।










