ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) একটি স্বতন্ত্র ট্রেড হাব চালু করেছে। এর মাধ্যমে সিইপিজেড এলাকায় কার্যক্রম পরিচালনাকারী গ্রাহকদের বিশেষায়িত ট্রেড-সংক্রান্ত ব্যাংকিং সেবা দেয়া হবে। চট্টগ্রাম ইপিজেড ট্রেড হাবের মাধ্যমে আমদানি-রফতানিসংক্রান্ত ব্যাংকিং লেনদেন দ্রুত সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকদের আরো কার্যকর ট্রেড সেবা নিশ্চিত করা হবে।
সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ট্রেড হাবটির উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের শিল্প ও রফতানি খাতে ইবিএলের কৌশলগত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নতুন এ ট্রেড হাব সিইপিজেডভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব আরো দৃঢ় করার মাধ্যমে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের হেড অব করপোরেট বিজনেস-চট্টগ্রাম সঞ্জয় দাস এবং হেড অব অপারেশনস-চট্টগ্রাম শুভ্র কান্তি সাহাসহ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










