২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-মার্চ) জাপানের কর রাজস্ব ৬৭ লাখ ৪ হাজার কোটি ইয়েনে (৪৯ হাজার ৫০০ কোটি ডলার) পৌঁছেছে। কর আদায়ের এ পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ২ শতাংশ বেশি। কভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে পথে এগোতে থাকায় টানা দুই অর্থবছর এ খাতে রেকর্ড করল দেশটি। খবর কিয়োদো নিউজ।
জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে কর রাজস্বের মধ্যে ভোক্তা ব্যয় সবচেয়ে বড় অবদান রেখেছে। এ করের পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেশি। পাশাপাশি করপোরেট কর রাজস্ব বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ।
গত অর্থবছরের কর রাজস্বের পরিমাণ সরকারের লক্ষ্যমাত্রা থেকেও ৩ লাখ কোটি ইয়েন বেশি।
মন্ত্রণালয় জানায়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামাজিক নিরাপত্তা ব্যয় বাড়ায় এ পরিমাণ রাজস্বও দেশটির জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। ২০২২ অর্থবছরে দেশটির বাজেটের জন্য ১০৭ লাখ ৬০ হাজার কোটি ইয়েন নির্ধারণ করা হয়েছে।









