দেশে ৪৩ লাখ স্কুল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। গতকাল বগুড়া শহরের একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংকের নেতৃত্বে ৪৭টি ব্যাংক কর্তৃক আয়োজিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ‘ব্যাংক হলো আস্থার জায়গা, ব্যাংকে রাখা অর্থ দুঃসময়ে কাজ দেবে। সব ব্যাংক ঋণ দিয়ে থাকে। আজকের ব্যাংক অ্যাকাউন্ট আগামী দিনে শিক্ষার্থীদের প্রয়োজনে ৫ লাখ টাকা ঋণ দেবে। যেন একজন শিক্ষার্থী তার নিজের শিক্ষার খরচ বহন করতে পারে।’

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে মন্তব্য করে তিনি জানান, এ পর্যন্ত দেশে ৪৩ লাখ স্কুল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

হুসনে আরা শিখা আরো বলেন, ‘জন্মনিবন্ধন যেভাবে নিশ্চিত করছে, একইভাবে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো সার্ভিস চার্জ নেয়া হয় না।

‘আজকের সঞ্চয়ের অভ্যাসগুলো গড়ে দেবে, ওদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগানে স্কুল ব্যাংকিং কনফারেন্সে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আদিল রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহেদ আলী ও বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী।