মুনাফা ঊর্ধ্বমুখী রয়েছে চীনা ব্যাটারি জায়ান্ট বিওয়াইডির। বছরের তৃতীয় প্রান্তিকে সংস্থাটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫০ শতাংশ বেড়েছে। বিস্তৃত পরিসরে পণ্য এবং শক্তিশালী বিক্রি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা সংস্থাটির মুনাফা বাড়াতে সহায়তা করেছে। খবর ইয়াহু ফাইন্যান্স।
জুলাই-সেপ্টেম্ব্বর সময়ে বিওয়াইডির নিট মুনাফা ৫৭২ কোটি ইউয়ানে (৭৮ কোটি ৮৭ লাখ ডলার) পৌঁছেছে। যেখানে বছরের প্রথম নয় মাসে সংস্থাটির মুনাফা ২৮১ শতাংশ বেড়ে ৯৩১ কোটি ইউয়ানে উন্নীত হয়েছে। সম্প্রতি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এ ফলাফল সংস্থাটির পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ছিল।
শক্তিশালী বিক্রি ও অন্য ইভি প্রতিযোগীদের তুলনায় বিস্তৃত পণ্য পরিসরের কারণে প্রতিষ্ঠানটি গাড়িপ্রতি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে। সংস্থাটির ইভি ও হাইব্রিড যানবাহনের সম্মিলিত বিক্রি বছরের প্রথম নয় মাসে ২৫০ শতাংশ বেড়ে ১২ লাখ ইউনিটে উন্নীত হয়েছে।










