আগামী অক্টোবরে কভিডজনিত সীমান্ত বিধিনিষেধ আরো সহজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পাশাপাশি আবারো ভিসামুক্ত ও ব্যক্তিগত ভ্রমণ চালু করবে দেশটি। আগামী ১১ অক্টোবর থেকে নতুন নীতি কার্যকর হবে বলেও জানান তিনি। খবর রয়টার্স।
ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার রেকর্ড পতনের মধ্যে এ পদক্ষেপকে জাপানের পর্যটন খাত পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মহামারী শুরুর পর থেকেই কঠোরতম সীমান্তনীতি বজায় রেখেছে জাপান। গত জুন থেকে ধীরে ধীরে বিদেশীদের জন্য সীমান্ত খুললেও সংশ্লিষ্টরা সেটিকে যথেষ্ট নয় বলে আসছেন।
জাপান আনুষ্ঠানিকভাবে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো গত জুনে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়। মহামারীর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অনেক এশীয় প্রতিবেশীসহ প্রায় ৭০টি দেশ ও অঞ্চলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি ছিল।










