শিল্প ভবনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্তী, সহসভাপতি মোহাম্মদ ইউনুস, পবিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জিয়া হায়দার মিঠু, মিজানুর রহমান, নাজমুল আনোয়ার, সোহানা রউফ চৌধুরী, মো. সেলিম জাহান, মো. মাহফুজুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন আনিতা গাজী রহমান। তিনি একজন তরুণ আইন পেশাজীবী। আইনি পেশায় ১৯ বছরেরও বেশি পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা রয়েছে তার। কোম্পানি আইন, সাধারণ করপোরেট আইন এবং বিরোধ নিষ্পত্তিতে জ্ঞানসম্পন্ন আনিতা গাজী রহমান একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের একজন অ্যাডভোকেট। 

কর্মজীবনে তিনি বেশ কয়েকটি অলাভজনক এবং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের পর্ষদে কাজ করার মাধ্যমে আইন এবং করপোরেট খাতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশী স্টার্টআপ ইকোসিস্টেমের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইনকিউবেটর এবং এক্সেলারেটর প্রোগ্রামে পরামর্শদাতা হিসেবে অবদান রাখার পাশাপাশি সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীন ইনভেস্টমেন্ট কমিটি ইন স্টার্টআপ বাংলাদেশে কাজ করছেন। 

এর আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশ লিমিটেডের পরিচালনা পর্ষদে রয়েছেন। তিনি ল ফার্ম দ্য লিগ্যাল সার্কেলের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার এবং উদ্ভাবনী ওয়েবভিত্তিক লিগ্যাল রিসোর্স প্লাটফর্ম থিংক লিগ্যাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি গ্রহণ করেন। লন্ডনের লিঙ্কনস ইন তাকে বার অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস উপাধি দিয়েছে। 

পরিচালনা পর্ষদে আনিতা গাজী রহমানকে স্বাগত জানাতে গিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক বর্তমানে প্রবৃদ্ধি-যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে ব্যাংকে উদ্ভাবনী এবং গতিশীল নেতৃত্ব থাকা অপরিহার্য। আনিতার তারুণ্যশক্তি এবং অপার দক্ষতা ও অভিজ্ঞতা ব্যাংকের পলিসি নিয়ে দিকনির্দেশনা তৈরি করতে এবং ভবিষ্যতের রোডম্যাপ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’