তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন যে তারা আবারো ইসফাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন।

বিবিসি বলছে, তেহরানের দক্ষিণে অবস্থিত ফোরদো পারমাণবিক স্থাপনার কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ। বিস্ফোরণগুলো ঘটেছে ফোরদো স্থাপনার আশপাশে, যা রাজধানী তেহরান থেকে কিছুটা দূরে এবং কোম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ওই স্থাপনাটি ভূমির প্রায় ১০০ মিটার গভীরে অবস্থিত বলে জানা গেছে।

তেহরান শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পশ্চিম তেহরানসহ একাধিক স্থানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে। বেশ কিছু ভিডিওতে আকাশে উজ্জ্বল আলো ঝলকানি দেখা গেছে, যাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

চলমান এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।