ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। গাজায় জিম্মি চুক্তির দাবিতে অন্তত এক লাখ মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমাবেশে অংশ নিয়েছেন বলে জানা গেছে। যদিও অন্যান্য পরিসংখ্যানে বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় ৪৫ হাজার বলে জানানো হয়েছে। হামাসের হাতে জিম্মি এলাদ কাতজিরের মৃতদেহ উদ্ধারের পরেই তেল আবিব এবং অন্যান্য শহরে সমাবেশ শুরু হয়। খবর বিবিসি।
এ সময় বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন’ এবং ‘এলাদ, আমরা দুঃখিত’ বলে স্লোগান দিচ্ছিল। পরে পুলিশ জোর করে বিক্ষোভে অংশ নেয়া সদস্যদের ছত্রভঙ্গ করে দেয়। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি জিম্মি এলাদ কাতজিরের মৃতদেহ উদ্ধারের পর রাজধানী তেল আবিবসহ অন্যান্য শহরগুলোতে বিক্ষোভ সংগঠিত হচ্ছে।
এর আগে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এলাদ কাতজিরের মৃতদেহ উদ্ধার করে। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি জিম্মি ভিডিওতে কাতজিরকে জীবিত দেখা গিয়েছিল।
গাজায় জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। বিক্ষোভকারীরা হামাস এবং তার সহযোগীদের হাতে থাকা প্রায় ১৩০ জিম্মিকে মুক্ত করতে সরকারের অক্ষমতা নিয়ে তাদের হতাশা প্রকাশ করেছে।
বিক্ষোভে অংশ নেয়া নোয়াম পেরি নামের এক ব্যক্তি বলেন,‘ তিন মাস বন্দিদশায় এলাদ কাতজি বেঁচে থাকতে পেরেছিলেন। তবে তার আজ আমাদের সঙ্গে থাকা উচিত ছিল। তিনি আজ আমাদের সঙ্গে থাকতে পারতেন।’










