ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার মধ্য এবং দক্ষিণাংশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলে একটি স্কুল ভবনে। সেখানেও ইসরায়েলি বিমানবাহিনী গোলা বর্ষণ করেছে। খবর আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার (২৭ জুলাই) জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইর এল-বালাহতে স্কুলে চালানো হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে যে, তারা মধ্য গাজার খাদিজা স্কুল প্রাঙ্গনের ভেতর হামাসের
নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছিল। তারা আরো বলেছে যে, স্কুলটি ইসরায়েলি সেনাদের
বিরুদ্ধে আক্রমণ চালাতে এবং অস্ত্রের ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অভিযানের আগে
বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছে আইডিএফ।
আল-আকসা হাসপাতালের
অবস্থা জানিয়ে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজউম বলেন, হাসপাতালের ভেতরে চরম বিশৃঙ্খলা
অবস্থা। চিকিৎসকেরা আহত ফিলিস্তিনিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছেন।
হাসপাতালে সবাই গুরুতর আহত। তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে গাজায় শুরু
হওয়া ইসরায়েলের হত্যাযজ্ঞে এ পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ২৫৮ জন নিহত এবং ৯০ হাজারের
বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী শিশু।










