ভারতের নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে কুম্ভমেলার যাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ একসঙ্গে স্টেশনে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নয়াদিল্লির লোক নায়ক হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রিতু সাক্সেনা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে চার শিশু ও ১০ নারী রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবিসি হিন্দি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, স্টেশনে তখন প্রচণ্ড ভিড় ছিল। বহু যাত্রী কুম্ভমেলায় যাওয়ার বা সেখান থেকে ফেরার জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় এক যাত্রী রুবি দেবী বলেন, ‘স্টেশনে এত বেশি ভিড় ছিল যে আমি ভেতরে ঢুকতেই পারছিলাম না।’ আরেক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ চেষ্টা করলেও ভিড় এত বেশি ছিল যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

রেল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় স্টেশনে দুটি ট্রেন বিলম্বিত ছিল এবং তৃতীয় একটি ট্রেন কুম্ভমেলার স্থান প্রয়াগরাজের দিকে যাওয়ার অপেক্ষায় ছিল। ট্রেনগুলোর কারণে স্টেশনে ভিড় আরো বেড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে।