জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল সকালে পশ্চিম জাপানের একটি এলাকায় উন্মুক্ত মঞ্চে কিশিদার বক্তৃতাকালে একটি ‘স্মোক বোম্ব’ বা ‘ধোঁয়া উৎপাদক বোমা’ ছুড়ে মারে এক যুবক। ঘটনাস্থলে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর রয়টার্স। 

প্রতিবেদন অনুযায়ী, ওসাকা শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ওয়াকাইয়ামা প্রদেশের একটি মৎস্য বন্দরে ঘটনাটি ঘটেছে। বন্দরটি পরিদর্শন শেষে বক্তৃতা দিতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী কিশিদা। এ সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তৈরি হয়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ফুমিও কিশিদাকে নিরাপত্তা বলয়ে নিয়ে আসেন। 

২৩ এপ্রিল জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষের জন্য বিভিন্ন অঞ্চলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করেই ওয়াকাইয়ামায় গিয়েছিলেন ফুমিও কিশিদা।

এ প্রসঙ্গে জাপানি প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তৃতা অনুষ্ঠানের উচ্চ বিস্ফোরক শব্দের বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনা অনেক মানুষকে উদ্বিগ্ন করেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ 

আমরা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের মাঝে আছি। আমাদের একসঙ্গে কাজটি সম্পন্ন করতে হবে।’

বিশ্লেষকরা বলছেন, জাপান আগামী মাসে হিরোশিমায় গ্রুপ অব সেভেন (জি৭) শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এ অবস্থায় এমন ঘটনা দেশটিতে নিরাপত্তা শঙ্কা তৈরি করতে পারে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় তেমন কোনো প্রভাব ফেলবে না। একইভাবে আজ রিসোর্ট শহর কারুইজাওয়ায় শুরু হওয়া জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য নিরাপত্তা পরিকল্পনায়ও কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে না।

ফুমিও কিশিদার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মরিয়ামা বলেন, ‘নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন ঘটনা দুঃখজনক। এটি একটি অমার্জনীয় বর্বরতা।’

গত জুলাইয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সংসদীয় নির্বাচনের প্রচারণী বক্তৃতাকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় শান্তির বার্তাবাহী দেশটির পুরো অধিবাসীকে হতবাক করে দেয়। একই সঙ্গে রাজনীতিবিদদের জন্য নিরাপত্তাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে বাধ্য করে। বিশেষ করে যারা জনগণের বিভিন্ন কাজে সরাসরি সম্পৃক্ত।

মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগে স্থানীয় বিশেষ সামুদ্রিক খাবার পরিবেশন করা হয়েছিল কিশিদাকে। এনএইচকের ভিডিওতে দেখা গেছে, ছুড়ে ফেলা বস্তুটি একটি ধাতব সিলিন্ডার। বেশ কয়েকজন পুলিশ অফিসার সন্দেহভাজন যুবককে ঘটনাস্থল থেকে সরানোর আগে মাটিতে শুইয়ে রাখা হয়েছিল। গণমাধ্যম বলছে, ওই ব্যক্তির বয়স ২০-৩০ বছর।