ইরানে কয়েকদিন ধরে বেড়েছে সামরিক তৎপরতা। এরই মধ্যে দেশটি শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের আশঙ্কা, এসব তৎপরতার মাধ্যমে মূলত ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। আজ শনিবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা লক্ষ করেছেন, ইরানে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানি সেনারা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। 

তবে মার্কিন কর্মকর্তারা জানান, ইসরায়েলের হামলার জন্যই এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। তাদের মতামত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন ইরানে কোনো হামলা চালানোর সাহস দেখাতে না পারে সেজন্য এসব মারণাস্ত্র প্রস্তুত করা হতে পারে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ করে হামলা চালায় দখলদার ইসরায়েল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরই ইসরায়েলকে শাস্তি দিতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি শুরু করে ইরান। তবে মার্কিন এক গোয়েন্দা জানিয়েছেন, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে চায় না। এ কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোয় তাদের যে প্রক্সি বাহিনী রয়েছে সেগুলোকে ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।