গাজা উপত্যকা দখল ইসরায়েলের জন্য ‘বড়
ভুল’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামাসের বিরুদ্ধে
অভিযানে সমর্থন রয়েছে তার। গতকাল রোববার (১৫ অক্টোবর) সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে
এসব মন্তব্য করেন বাইডেন। খবর আনাদোলু এজেন্সি।
প্রায় এক ঘণ্টার এ অনুষ্ঠানের মূল আলোচ্য
ছিল হামাস-ইসরায়েল সংকট। বাইডেন বলেন, আমি মনে করি গাজা দখল ইসরায়েলের জন্য ‘বড় ভুল’
সিদ্ধান্ত হবে।
শোনা যাচ্ছে, ইসরায়েল সফরে যেতে পারেন
মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই বাইডেন
ইসরায়েলে যেতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের
এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো প্রেসিডেন্টের সফরের কিছুই নিশ্চিত হয়নি। তাই এ মুহূর্তে
খোলাখুলি কিছু বলা যাবে না।
অন্যদিকে বাইডেনের বক্তব্যের প্রতিাক্রিয়ায়
ইসরায়েলি রাষ্ট্রদূত জাতিসংঘে বলেছেন, গাজা দখলের কোন উদ্দেশ্য ইসরায়েলের নেই। তবে
হামাসকে নির্মুল করতে যা যা করতে হয় সেটাই করবে।
বাইডেন আরো বলেন, গাজায় এখন যা চলছে
সেখানে হামাসের কর্মকাণ্ডের জন্য পুরো গাজাবাসীকে দায়ি করা যায় না। তাই আমি মনে করি
বেসামরিক গাজাবাসীর বিরুদ্ধে অস্ত্র চালানো ইসরায়েলের জন্য বড় ভুল সিদ্ধান্ত। তবে হামাসসহ
হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনগুলোকে দমন করতে হবে।
ইসরায়েল গাজায় যুদ্ধের নিয়ম মেনে চলবে
বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও জরুরি
চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এর আগে হামাসের হামলার পর ইসরায়েল গাজায়
পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েল। যার ফলে গাজা উপত্যকা মানবিক সংকটের
সম্মুখীন হয়েছে। পাশাপাশি প্রায় ১১ লাখ অধিবাসীকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম
দেয়া হয়। বর্তমানে স্থল হামলার জন্য গাজা ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা।










