পেন্টাগনের গোপনীয় নথি ফাঁসের ঘটনায় একজনকে
গ্রেফতার করা হয়েছে। ২১ বছর বয়সী ওই ব্যক্তির নাম জ্যাক টেক্সেইরা, তিনি বিশেষায়িত
মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য। খবর ইয়াহু নিউজ।
গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ম্যাসাচুসেটস
এয়ার ফোর্স ন্যাশনাল গার্ডের ১০২তম ইন্টেলিজেন্স উইংয়ের এ সদস্যকে আটক করে ফেডারেল
এজেন্টরা। জ্যাককে বাড়ি থেকে আইনি হেফাজতে নেয়া হয়।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে জ্যাক টেক্সেইরার
গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। তাকে জাতীয় প্রতিরক্ষা
তথ্য অননুমোদিতভাবে সরানোর জন্য অভিযুক্ত করা হবে বলে জানানো হয়।
স্থানীয় টেলিভিশনের হেলিকপ্টার থেকে তোলা
ফুটেজে দেখা গেছে, ভারী অস্ত্রধারী গোয়েন্দারা টি-শার্ট ও শর্টস পরিহিত টেক্সেইরাকে
নিয়ে যাচ্ছে।
ইউএসএ টুডের খবর অনুসারে আজ শুক্রবার বোস্টনের
আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।
কয়েকদিন আগে ফাঁস হওয়া ওই সব নথিতে একাধিক
গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য রয়েছে। তার অনেকগুলোই যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য
স্পর্শকাতর।
নথিতে পাওয়া উপাত্ত থেকে বোঝা যায়, জাতিসংঘ
মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। বেশ কয়েকটি
নথিতে মহাসচিব ও তার ডেপুটির ব্যক্তিগত কথাবার্তার বর্ণনা রয়েছে।
আলোচিত আরেকটি তথ্য হলো, ইউক্রেনের মাটিতে
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিশেষ বাহিনী কাজ করছে।
নথি ফাঁসের পর মার্কিন জাতীয় নিরাপত্তা
মুখপাত্র জন কিরবি বলেন, আমরা জানি না ফাঁসের জন্য কে দায়ী। আমরা জাতীয় নিরাপত্তা
ব্যবস্থার মূল্যায়ন করছি ও এই বিষয়ে ফৌজদারি তদন্তও চলছে।
সঙ্গে এও জানিয়ে রাখেন, বিভিন্ন উৎস থেকে
গোয়েন্দা তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। তবে কিছু নথির সত্যতা প্রতিষ্ঠিত নয়।










