এক রাতের আগুনেই পুড়ে ছাই হয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জের পার্লামেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তখনও ভবনটি দাউদাউ করে জ্বলছিল। খবর গার্ডিয়ান।

মার্শাল দ্বীপপুঞ্জের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নিতিজেলা নামে পরিচিত পার্লামেন্ট ভবনের অর্ধেক অংশ আগুনে ধ্বংস হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও অবশিষ্ট কাঠামো আর ব্যবহারযোগ্য নয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অধিবেশন কক্ষ, দফতর, গ্রন্থাগার ও আর্কাইভ সবই পুড়ে গেছে। এরইমধ্যে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ পার্লামেন্ট অধিবেশন চলছে।

প্রশান্ত মহাসাগরের এই দ্বীপদেশটির অবস্থান হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি। জনসংখ্যা প্রায় ৪২ হাজার, যার অর্ধেক রাজধানী মজুরোতে বসবাস করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যার আওতায় অর্থনৈতিক সহায়তার বিনিময়ে দেশটিতে মার্কিন সেনাবাহিনী সামরিক প্রবেশাধিকার পায়। এছাড়া, তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। এক বিবৃতিতে তাইওয়ান সরকার জানিয়েছে, তারা মার্শাল দ্বীপপুঞ্জ সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। সময়মতো প্রয়োজনীয় সহায়তা আম্বাসও দিয়েছে তাইওয়ান।