ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসামের ১২টি জেলার অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের কিছু অংশে রেড ও অরেঞ্জ অ্যালার্ট আর উত্তরপূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলোতে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিতে বাড়ছে নদনদীর পানি।
ভারতীয় আবহাওয়া বিভাগ উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামী কয়েক দিন আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এনডিটিভি জানিয়েছে, গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পর সর্বোচ্চ বৃষ্টির ৬৭ বছরের রেকর্ড ভেঙে যায়। টানা প্রবল বৃষ্টিতে ব্রহ্মপুত্রসহ ভারতের উত্তরপূর্বাঞ্চলের নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল ধাক্কায় ভেসে গেছে আসাম ও মেঘালয়ের সংযোগকারী জাতীয় সড়কের একাংশ। এতে মেঘালয়ের তুরা থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।








