গাজায় ইসরায়েলি হামলার কারণে প্রায়
অর্ধ লাখ সন্তানসম্ভবা নারী প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।
খবর সিএনএন।
সংস্থাটির মতে, গাজা উপত্যকায় ৫০ হাজার
গর্ভবতী নারী প্রাথমিক মাতৃস্বাস্থ্য সুরক্ষা নিয়ে হিমশিম খাচ্ছে। যাদের মধ্যে পাঁচ
হাজার ৫২২ জন আগামী মাসে সন্তান প্রসব করবেন।
ফিলিস্তিনের জাতিসংঘের জনসংখ্যা তহবিলের
প্রতিনিধি ডমিনিক অ্যালেন বলেন, ‘ভাবার চেষ্টা করুন, একজন নারীর সন্তান প্রসবের সময়
ঘনিয়ে আসছে, অন্যান্য জটিলতাসহ ওই নারী প্রয়োজনীয় কাপড়, স্বাস্থ্যসেবা, কোনো ধরনের
সহযোগিতা ছাড়াই অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। পরের দিন, পরের ঘণ্টা বা পরের মিনিটে
তাদের ও অনাগত শিশুর সঙ্গে কী ঘটবে তারা তা জানে না।’
গত ৭ অক্টোবর অতর্কিত ইসরায়েলে হাজার
হাজার রকেট ছোড়ার মাধ্যমে লড়াই শুরু করে হামাস। এর পরপরই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে
ইসরায়েল। এরপর কয়েক লাখ মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নারী ও শিশুরা।
গাজার কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায়
এ পর্যন্ত দুই হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। যাদের এক-চতুর্থাংশই শিশু। আহত হয়েছেন প্রায়
৯ হাজার ৬০০ জন। আরো এক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা
হচ্ছে।










