ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। গতকাল শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলির চেয়ে প্রায় ৩০ লাখ ভোটে এগিয়ে থাকেন তিনি। খবর বিবিসি।

নির্বাচনে পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ভোট। অন্যদিকে জালিলি পেয়েছেন এক কোটি ৩৫ লাখ ভোট। এ দফায় ভোট পড়ার হার ছিল ৪৯ দশমিক ৮ শতাংশ।

জুনে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় এগিয়ে থাকা দুই প্রার্থী নিয়ে আবার দ্বিতীয়বারের মতো আবার ভোটগ্রহণ করা হয়।

গত মে মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর নতুন নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

ভোটের ফলাফল প্রকাশের পর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মাসুদ পেজেশকিয়ানের সমর্থকদের উৎসবে মেতে উঠেন। সে জনসমাগমের ভিডিও চিত্র প্রকাশ হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।