ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রে ও ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেছে ভেনেজুয়েলার যুদ্ধবিমান। পেন্টাগন এ ঘটনা ‘অত্যন্ত উসকানিমূলক’ অভিহিত করে দেশটিকে সতর্ক করে দিয়েছে। খবর সিএনএন।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার সামরিক দুটি যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌযানের ওপর দিয়ে উড়েছে।’ পেন্টাগনের অভিযোগ, ‘মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে বাধা দেয়ার জন্য এ পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা।’ ভেনেজুয়েলাকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনী পরিচালিত মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে বাধা বা হস্তক্ষেপ করা থেকে যেন বিরত বিরত থাকে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় জলসীমায় চার হাজারের বেশি মেরিন ও নাবিক মোতায়েন করেছে। এর মধ্যে কয়েকটি মাদক পাচার গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে ট্রাম্প প্রশাসন। যারা কিনা ওয়াশিংটনের ‘বিদেশ সন্ত্রাসী গোষ্ঠী’ তালিকাভুক্ত ছিল।

স্বাভাবিকভাবে ক্যারিবীয় অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় মার্কিনে সেনাদের উপস্থিতি ভালোভাবে নেয়নি ভেনেজুয়েলা। এর প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই অঞ্চলে সেনা ও মিলিশিয়ার উপস্থিতি বাড়নোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে তিনি দেশটির জনগণকে বলিভারিয়ান মিলিশিয়ায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

দুই দেশের মধ্যে চলমান এ উত্তেজনার মধ্যেই মঙ্গলবার মাদক বহনের অভিযোগে একটি জাহাজে ধ্বংসাত্মক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ট্রেন দে আরগুয়া গ্যাং ওই জাহাজে মাদক চোরাচালানের চেষ্টা করছিল। ওই হামলার পরই মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ভেনেজুয়েলার জঙ্গি বিমান উড়ছে বলে অভিযোগ করল পেন্টাগন।