ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নতুন করে আরো শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩২ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন অন্তত ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় পাঁচ নারী ও ৯ শিশুসহ ১৯ জন নিহত হয়। ক্যাম্পে পৃথক হামলায় আরো একজন নিহত হয়েছেন। নিকটবর্তী বুরেজ ক্যাম্পে হামলায় তিন নারীসহ আটজন নিহত হন।