রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে যুক্ত একটি সুপারইয়ট কৌশলগত হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এ নৌপথ অবরুদ্ধ থাকলেও সুপারইয়টটিকে কোথাও থামতে হয়নি। খবর বিবিসি।

১৪২ মিটার লম্বা বিলাসবহুল ইয়ট ‘নর্ড’ নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মোরদাশভের সঙ্গে সম্পর্কিত। গত সপ্তাহের শেষ দিকে বিলাসবহুল এ তরী দুবাই থেকে ওমানের রাজধানী মাস্কাটের দিকে যাত্রা করে। সাম্প্রতিক মাসগুলোয় প্রণালিটি অতিক্রম করা কয়েকটি ব্যক্তিগত জাহাজের মধ্যে এটি একটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে শিপিং সীমিত রেখেছে। একই সময়ে তেহরান ও মস্কো উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে।

পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোরদাশভ ইয়টটির আনুষ্ঠানিক মালিক নন। তবে ২০২২ সালের নথি অনুযায়ী, ‘নর্ড’ এমন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল যা তার স্ত্রীর মালিকানাধীন।

মেরিন ট্রাফিক প্লাটফর্মের তথ্যানুযায়ী, প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইয়টটি গত শুক্রবার রাতে দুবাই থেকে যাত্রা শুরু করে এবং রোববার সকালে মাস্কাটের আল মুজ মেরিনায় পৌঁছে।

যুদ্ধ শুরুর পর থেকে সাধারণ বেসরকারী জাহাজগুলো সাধারণত এ জলপথ এড়িয়ে চলছে, তবে ‘নর্ড’ তা সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছে।

দীর্ঘমেয়াদি শান্তি আলোচনা ধীরগতিতে এগোচ্ছে, এ সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে ইরান।

সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে পুতিন বলেন, ইরানি জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে ‘সাহসিকতার সঙ্গে তাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে।’

সুপারইয়ট টাইমসের তথ্যানুযায়ী, ইয়টটিতে সুইমিং পুল, সাবমেরিন ও হেলিপ্যাড রয়েছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে আলেক্সেই মোরদাশভ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।