ইরানে চলমান বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এক বক্তব্যে এ তথ্য জানান ইরানের এক সরকারি কর্মকর্তা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে। অতীতে অস্থিরতার সময়েও এ অঞ্চলে সহিংসতা তুলনামূলক বেশি ছিল এবং সেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।
তিনি আরো বলেন, মৃত্যুসংখ্যা উল্লেখযোগ্যভাবে আর বাড়বে বলে মনে হচ্ছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ‘ইসরায়েল ও বিদেশে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো’ সমর্থন ও অস্ত্র জুগিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে লেখা হয়, ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবেই অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বিদেশী শত্রুদের দায়ী করে থাকে। এর মধ্যে ইসরায়েলও রয়েছে। গত জুনে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছিল দেশটি।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ৩ হাজার ৩০৮ জনের মৃত্যুর তথ্য জানায়। আরো ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা যাচাইয়ের আওতায় রয়েছে বলে জানায় সংস্থাটি। পাশাপাশি ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতারর করা হয়েছে বলেও দাবি করেছে এইচআরএএনএ।














